ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:০৫ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। উপহার হিসেবে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মী ৫ হাজার টাকার চেক পেয়েছেন।
রবিবার (২৪ মে) রাজধানীর গুলশান-২ নম্বরে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় পরিচ্ছন্নতাকর্মীদের কথা ভাবেন এবং তাদের কষ্ট ও শ্রমকে মূল্যায়ন করেন বলেই ধারাবাহিকভাবে ঈদ উপহার প্রদান করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।