এলেঙ্গা-যমুনা সেতু সড়কে চার লেন চালু , যানজটের শঙ্কা নেই: সেতু বিভাগ
সার্ভিস সড়ক ও মূল সড়কের সমন্বয়ে কার্যত চার লেন চালু; বাস-বে, ড্রেন ও রিফ্লেকটিভ সাইনেজ স্থাপন সম্পন্ন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদ-উল-আযহায় উত্তরবঙ্গগামী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব গোলচত্বর পর্যন্ত সড়কে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাপনা চালু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর আওতায় নির্মিত নতুন দুই লেনের সার্ভিস সড়ক এবং বিদ্যমান দুই লেনের মূল সড়ক একসঙ্গে ব্যবহার করে, এই অংশে কার্যত চার লেনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, বিগত বছরগুলোতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অংশটি ঈদযাত্রায় বড় চ্যালেঞ্জ ছিল। এবার নতুন সার্ভিস সড়ক ও মূল সড়কের সমন্বয়ে উত্তরবঙ্গ ও ঢাকামুখী উভয় দিকের যানবাহন কোনো কৃত্রিম যানজট ছাড়াই স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে।
নতুন ব্যবস্থায় উত্তরবঙ্গমুখী যানবাহন নতুন সার্ভিস সড়ক এবং ঢাকামুখী যানবাহন মূল সড়ক ব্যবহার করবে। এলেঙ্গা বাজার ফ্লাইওভার এলাকায় উভয় পাশে দুই লেন করে চার লেন প্রশস্ত করা হয়েছে। যত্রতত্র যাত্রী ওঠানামা ঠেকাতে উভয় দিকে পৃথক দুটি স্থায়ী বাস-বে নির্মাণ করা হয়েছে। বর্ষায় জলাবদ্ধতা এড়াতে ড্রেন এবং রাতে চালকদের সুবিধার্থে রিফ্লেকটিভ স্টিকারযুক্ত বাঁশের খুঁটি ও কংক্রিট ডিভাইডারও স্থাপন করা হয়েছে। এ ছাড়া যমুনা সেতুর পূর্ব গোলচত্বর থেকে ইব্রাহিমাবাদ রেল স্টেশন পর্যন্ত ৭০০ মিটার দুই লেনের রিজিড পেভমেন্ট সড়কও যান চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে।
পদ্মা ও যমুনা সেতু এলাকায় আরও নেওয়া হয়েছে একগুচ্ছ বিশেষ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে সার্বক্ষণিক টোল লেন চালু, মোটরসাইকেল লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি সেবা, সিসি ক্যামেরায় ট্র্যাফিক মনিটরিং, তিনটি রেকার মোতায়েন, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা এবং কোরবানির পশুবাহী গাড়িকে ওজন মেশিনের আওতামুক্ত রাখা।
সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী জানান, মাঠ পর্যায়ের টিম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রকল্প প্রকৌশলীরা ঈদজুড়ে সার্বক্ষণিক তৎপর থাকবেন। গৃহীত পদক্ষেপের ফলে এবারের ঈদযাত্রায় এই সড়কে কোনো যানজটের আশঙ্কা নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।