জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর
দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের, ভারতীয় গরু ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: সংগৃহীত
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বাড়ছে প্রাণচাঞ্চল্য। ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কেনাবেচাও। বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই আসছে পশু। চাহিদা সবচেয়ে বেশি মাঝারি আকারের গরুর।
হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম তুঙ্গে বলে দাবি ক্রেতাদের। সামর্থ্যের মধ্যে অনেকে পছন্দের পশু কিনে নিচ্ছেন, তবে অতিরিক্ত দামের কারণে ঘুরপাক খাচ্ছেন অনেকে। বিক্রেতারা বলছেন, পুরোপুরি হাট জমতে আরও কিছুটা সময় লাগবে।
এদিকে হাটে ভারতীয় গরুর উপস্থিতি নিয়ে ভাবনায় পড়েছেন দেশীয় বিক্রেতারা। চোরাই পথে পশু আসা অব্যাহত থাকলেও তা ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী বলেন, দেশীয় খামারিদের সুরক্ষায় চোরাই পথে পশু আসা ঠেকাতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি হাটে অনিয়ম ও জাল টাকার ব্যবহার রোধেও সরকারের বিভিন্ন সংস্থা হাটে হাটে নজর রাখছে বলে তিনি জানান।