ঠাকুরগাঁওয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৩৩ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কোরবানির পশু জবাই এবং চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধি, চামড়া ব্যবসায়ী ও কসাইরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়া পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ খান এবং বিসিকের উপব্যবস্থাপক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কোরবানির চামড়া স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ, লবণের সঠিক ব্যবহার এবং চামড়ার গুণগত মান বজায় রাখার বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, সঠিক নিয়মে পশু জবাই এবং সময়মতো লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ করা গেলে এর গুণগত মান অক্ষুণ্ন থাকে এবং বাজারমূল্যও ভালো পাওয়া যায়।
তবে কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের কয়েকজন নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠান শুরু হওয়া এবং আয়োজন ও পরিচালনায় কিছু ত্রুটি থাকার অভিযোগ করেন।