EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় সংসদ গ্রন্থাগারে ই-বুক সিস্টেম চালুর উদ্যোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:৩৮ পিএম

জাতীয় সংসদ গ্রন্থাগারে ই-বুক সিস্টেম চালুর উদ্যোগ
অ অ

জাতীয় সংসদ গ্রন্থাগারকে আধুনিক ও ব্যবহারবান্ধব করতে ই-বুক সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গ্রন্থাগারে সংরক্ষিত তালিকাভুক্ত ১০০টি পুস্তক ডিজিটালাইজ করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটি।

বুধবার (২১ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরী, এমপি। কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা চূড়ান্তকরণ এবং গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য ডকুমেন্ট এবং সংসদীয় বিতর্ক ডিজিটালাইজ করার বিষয়ে আলোচনা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে।

আলোচনায় সংসদ গ্রন্থাগারের তথ্য অনুসন্ধান ব্যবস্থা আরো সহজ, আধুনিক ও অনলাইনভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনায় গুম-সংক্রান্ত বইসহ পূর্ণাঙ্গ পুস্তক তালিকা চূড়ান্ত করে মূল কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে ই-পার্লামেন্ট প্রকল্পের ডিপিপি দ্রুত একনেকে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন