দায়িত্বের ছয় মাসে কী করলেন, সাংবাদিকদের জানালেন চট্টগ্রামের ডিসি জাহিদ
দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে বিভিন্ন কার্যক্রম পরিচালনার তথ্য তুলে ধরা হয় ভিডিওচিত্রের মাধ্যমে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তিতে সাংবাদিকদের সামনে নিজের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেছেন।
বুধবার (২০ মে) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার ৬ মাস’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি শুধু সাফল্যই নয়, নিজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন এবং সাংবাদিকদের কাছে সরাসরি মতামত ও পরামর্শ চান।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘জেলা প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ এই জেলার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছেন কি না, কিংবা আরও কী করণীয় রয়েছে, সেটি জানতেই সমাজের দর্পণ হিসেবে কাজ করা গণমাধ্যমকর্মীদের সামনে এসেছেন।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে যোগদানের পর থেকেই জেলাবাসীর প্রত্যাশা পূরণে চেষ্টা করে যাচ্ছি। আপনারা আগামীতে কী ধরনের প্রশাসন চান, আপনাদের কী পরামর্শ আছে, আমরা কতটুকু সেবা দিতে পারছি— এসব বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
গত বছরের ১৮ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, জঙ্গল সলিমপুরে অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভূমি উদ্ধার, খাল পুনঃখনন এবং প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার তথ্য তুলে ধরা হয় ভিডিওচিত্রের মাধ্যমে।
দীর্ঘদিন সন্ত্রাস ও দখলদারিত্বের নিয়ন্ত্রণে থাকা জঙ্গল সলিমপুরকে ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’ আখ্যা দিয়ে ডিসি জানান, সম্মিলিত বাহিনীর অভিযানে কোনো প্রাণহানি ছাড়াই এলাকাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের মাঝেই সীমাবদ্ধতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। তবে দায়িত্বের জায়গায় শতভাগ উজাড় করে কাজ করার চেষ্টা করি।’ গণমাধ্যমকর্মীদের ‘সমাজের দর্পণ’ উল্লেখ করে তিনি তাদের সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানান।
জ্বালানি সংকট মোকাবিলায় নেওয়া উদ্যোগ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, ‘অবৈধ মজুত ও চোরাচালান ঠেকাতে অভিযান পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দের তথ্যও উপস্থাপন করা হয়।’
স্থানীয় সাংবাদিকরা এই উদ্যোগকে সম্পূর্ণ ব্যতিক্রমী হিসেবে মন্তব্য করেছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সামনে এসে নিজের কর্মকাণ্ড ও প্রশাসনিক উদ্যোগ নিয়ে কথা বলেছিলেন তিনি।