নবগঠিত বগুড়া সিটির প্রশাসক সাবেক ছাত্রদল নেতা স্বাধীন
ডেইলি সান রিপোর্ট, বগুড়া
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:৫৪ এএম
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। ছবি: সংগৃহীত
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।
মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে প্রায় ১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকা নিয়ে মোট ২১টি ওয়ার্ডে এই নতুন সিটি করপোরেশন গঠিত হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর এম আর ইসলাম স্বাধীন বিএনপির শীর্ষ নেতৃত্বসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সবার সহযোগিতায় বগুড়া সিটি করপোরেশনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন।