EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে নতুন প্রজন্মের জ্ঞানচর্চার আলোকবর্তিকা: উপাচার্য ড. শাহীন

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:০৩ এএম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে নতুন প্রজন্মের জ্ঞানচর্চার আলোকবর্তিকা: উপাচার্য ড. শাহীন

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।

মঙ্গলবার (১৯ মে) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য কোনো আত্মগৌরবের বিষয় নয়, বরং এটি একটি বড় দায়িত্ব। সকলের সহযোগিতায় তিনি বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে চান।

তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ স্থাপন, বিমানবন্দর চালুর উদ্যোগ এবং ইপিজেড গঠনের পরিকল্পনা এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

লিখিত বক্তব্যে তিনি আবেগঘন ভাষায় বলেন, “এই প্রভাত ঠাকুরগাঁওবাসীর জীবনের অন্ধকার ঘোচাবে, সেই সঙ্গে সমগ্র দেশেই ছড়িয়ে যাবে তিমির হননের গান।”

ড. শাহীন আরও বলেন, ঠাকুরগাঁও এখন একটি নতুন সকালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় সেই স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর ভূমিকার প্রশংসা করে বলেন, তার আন্তরিক প্রচেষ্টার কারণেই এ অঞ্চলে উন্নয়নের নতুন ধারা সূচিত হয়েছে।

তিনি জানান, ৭ মে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইতোমধ্যে প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।

ড. শাহীন বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের পরিচয় ও সম্মানের প্রতীক হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি গঠনে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সবাইকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। শেষাংশে তিনি মুক্তিযুদ্ধের শহীদ ও ২০২৪ সালের গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন