EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:২৮ পিএম

ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি
অ অ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

মঙ্গলবার (১৯ মে) নৌ পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে “আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা এবং নৌ ট্রাফিক ব্যবস্থাপনা” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় নৌঘাটের নিরাপত্তা, ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পণ্য ও পশুবাহী নৌযানের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি প্রতিরোধ এবং নদীতীরবর্তী পশুরহাট ও পশুর চামড়া পরিবহন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

সভায় বক্তারা অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধ, আবহাওয়ার পূর্বাভাস মেনে নৌযান চলাচল, নৌপথে টহল জোরদার, চুরি ও চাঁদাবাজি প্রতিরোধ এবং টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়াসহ নিরাপদ যাত্রী পরিবহন নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নৌপথে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেন।

সভায় কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন