EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৪৬ পিএম

ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী
অ অ

বর্তমান সরকার ধাপে ধাপে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সোমবার (১৮ মে)  ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সচেতন করবেন। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবা করতে চাই।’ তিনি বলেন, অতীতে অনেকে নিজেদের দেশের মালিক মনে করলেও বর্তমান সরকার জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে বিবেচনা করে কাজ করছে।

তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। “আমরা মানুষের সেবক হতে চাই। রাজনীতি করতে গিয়ে ভুল হতে পারে, তবে জনগণের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ,”—যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করবেন বলেও জানান ভূমিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার কাজ করছে। তিনি বলেন, অনলাইনে যেসব সেবা চালু করা হয়েছে, সেগুলোর বিষয়ে এখনও অনেক মানুষ অবগত নন। ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণকে এসব সেবা সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের জনগণই এ দেশের মালিক। তাই আমাদের কাছে সেবা নিতে আসা মানুষ যেন অনুভব করেন, তারা সম্মান ও মর্যাদার সঙ্গে সেবা পাচ্ছেন।’

সভাপতির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি প্রদানের মতো বিভিন্ন সেবা ডিজিটাল পদ্ধতিতে সহজলভ্য করেছে। ফলে নাগরিকরা ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারছেন।

তিনি জানান, ভূমি সংক্রান্ত সব সেবা অটোমেশনের আওতায় আনতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভূমিসেবা মেলা জনগণকে এসব ডিজিটাল সেবা সম্পর্কে সম্যক ধারণা দেবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় এবং ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে একযোগে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।

মেলায় সরাসরি ভূমিসেবা প্রদান, অটোমেটেড সেবা সম্পর্কে ধারণা প্রদান, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান, কুইজ প্রতিযোগিতা, জনসচেতনতামূলক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে।

প্রেস ব্রিফিংয়ে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন