EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা ফখরুলের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:১২ পিএম

জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা ফখরুলের
অ অ

রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় রাজধানীর চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকাকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করতে হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও টেকসই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। নগরবাসী যেন দ্রুত উন্নয়নের সুফল পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন