মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৩৩, ট্রলার জব্দ
হাতিয়া ও সন্দ্বীপ থেকে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে পাচার করছিল তারা
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত
সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রে যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
রবিবার (১৭ মে) সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি ফিশিং বোটে তল্লাশি করে প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সিমেন্টসহ বোটগুলো জব্দ করা হয়।
জানা যায়, হাতিয়া ও সন্দ্বীপ থেকে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল তারা।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।