EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় রাজশাহীতে হবেই হবে: ভূমিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, রাজশাহী

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:২৪ পিএম

স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় রাজশাহীতে হবেই হবে: ভূমিমন্ত্রী
অ অ

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশে স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। এটি সময়ের দাবি। রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত। এখানে অনেক বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আজকে এখান থেকে যে প্রস্তাবটি এসেছে, তা রাজশাহী দিয়েই শুরু হবে। অর্থাৎ স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় রাজশাহীতে হবেই হবে।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ‘বাংলাদেশে স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটির প্রয়োজনীয়তা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ।

ভূমিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে এবং জনগণের উন্নয়নে সঠিক চিন্তা করছেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দাসহ নানামুখী চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মাধ্যমে কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও রাষ্ট্রীয়ভাবে তাদের মেধার মূল্যায়নের সুযোগ তৈরি হচ্ছে। এ ছাড়া ক্রীড়া ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা চালু করেছে সরকার।

রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করে মন্ত্রী বলেন, “রাজশাহী আমাদের গর্ব, এটি একটি শান্তিপূর্ণ শহর। এখানে অধ্যাপক জোহার মতো আত্মত্যাগী ব্যক্তিসহ অনেক শিক্ষাবিদ ও জ্ঞানী মানুষের জন্ম হয়েছে। রাজশাহীর উন্নয়নে আমি সবসময় পাশে আছি।”

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্থান নির্ধারণ প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, এই প্রকল্পের জন্য বড় জায়গার প্রয়োজন হবে। শহরের পূর্ব বা পশ্চিম প্রান্তে এর ব্যবস্থা করতে হবে। নওদাপাড়ায় যেখানে আগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার কথা ছিল, সেই জায়গাটি বিবেচনা করা যেতে পারে। সেখানে অনেক খাস জমি রয়েছে। আপনাদের দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম. রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হাবীবুর রহমান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলিম এবং ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. মামুনুর রশিদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোস্তাফিজুর রহমান এবং ভারতের পাঞ্জাবি ইউনিভার্সিটির আইসিসিআর ও পিএইচডি ফেলো শারমিন আক্তার শান্তা।

আরও পড়ুন