শ্রমিক মারধরের প্রতিবাদে হবিগঞ্জে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে বাসশ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড দেন তারা। এতে রাস্তার দুই পাশে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রমিকরা জানান, ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রোডে বিরতিহীন বাস চলাচল করে আসছে। সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে বাধা দিতে শুরু করে। গত ১০ মে মৌলভীবাজারে বিরতিহীন বাস আটকে শ্রমিকদের মারধর করা হয়। এর প্রতিবাদে ১২ মে থেকে সিলেটসহ জেলার অভ্যন্তরীণ সব রোডে বাস চলাচল বন্ধ করে দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
এরপর হবিগঞ্জ ও মৌলভীবাজার প্রশাসন কয়েক দফা বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছের নির্দেশে গত শুক্রবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে বৈঠক বসে। তবে গভীর রাত পর্যন্ত চলা ওই বৈঠকও কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়।
আজ শনিবার হবিগঞ্জ প্রশাসনের আশ্বাসে বাস চালু করা হলে মৌলভীবাজারে পৌঁছামাত্র বাস আটকে শ্রমিকদের মারধর করা হয়। এই খবর হবিগঞ্জে পৌঁছালে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, প্রশাসনের আশ্বাসে বাস চালু করা হলেও মৌলভীবাজারে গিয়ে আবারও শ্রমিকরা মারধরের শিকার হন। এই খবর পেয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হন।