EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গবেষণায় সফলদের স্বর্ণপদক ও পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৪৯ পিএম

গবেষণায় সফলদের স্বর্ণপদক ও পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
অ অ

গবেষণা কার্যক্রমে নতুন উদ্ভাবন ও সফলতা অর্জনকারীদের স্বর্ণপদকসহ পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ আয়োজিত “বিএলআরআই-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময়” সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গবেষণাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে এবং পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষি উৎপাদন বাড়াতে ভূ-উপরিস্থ পানির ব্যবহার, খাল খননসহ বিভিন্ন উদ্যোগ অতীতে নেওয়া হয়েছিল এবং বর্তমান সরকারও কৃষকের স্বার্থে কাজ করছে।

মন্ত্রী বলেন, কৃষকের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং মাটির স্বাস্থ্য রক্ষায় অধিক মাত্রায় কীটনাশক ও সার ব্যবহার কমাতে হবে।

তিনি জানান, গবেষণায় বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বিজ্ঞানীরা ভালো কাজ করলে তাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদকসহ সম্মাননা দেওয়া হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, বিজ্ঞানী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী বিএলআরআই-এর বিভিন্ন গবেষণাগার ও খামার পরিদর্শন করেন এবং একটি নিম গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুন