হাওরাঞ্চলের তিন স্কুলে শিক্ষকশূন্য শ্রেণিকক্ষ, পরিদর্শনে গিয়ে বিস্মিত এমপি
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৪০ পিএম
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আকস্মিকভাবে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনটি বিদ্যালয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত থাকলেও আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ১০টায় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় গিয়ে কোনো শিক্ষককে পাননি তিনি।
এ সময় এমপি কামরুল বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, হাওরাঞ্চলকে শিক্ষায় পিছিয়ে থাকতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন সংসদ সদস্য।
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলুয়ার হোসেন জানান, সংসদ সদস্যের পরিদর্শনের পর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ১২ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিভাগীয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।