জলাবদ্ধতায় দুর্ভোগে সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:২৮ পিএম
ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
পৌরসভার সাহাপুর বাজার ও রসিদা বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন বিদ্যালয় মাঠে মাটি ভরাট না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘ সময় পানি জমে থাকায় সেখানে দুর্গন্ধের সৃষ্টি হয়। ওই পানি মাড়িয়েই কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, শুকনো মৌসুম ছাড়া জুতা পরে বিদ্যালয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া টিনের বেড়া দিয়ে তৈরি কাঁচা টয়লেটটি বিদ্যালয় ভবনের একেবারে পাশে থাকায় এর দুর্গন্ধ ক্লাসরুম পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে।
বিষয়টি জানানো হলে ফুলপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে বিদ্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, জমি-সংক্রান্ত জটিলতার কারণেই মূলত এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের পানি নিষ্কাশনের জন্য আগে একটি কালভার্ট ছিল। তবে জমির মালিক সেটি বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বিদ্যালয়ের রাস্তাটি মাটি ভরাট করে উঁচু করা হবে।