সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:০৮ পিএম
সুনামগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আহমদ আলী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১২ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম নুরুজ্জামান (নয়ন)।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের এক কিশোরী ধর্ষণের শিকার হন। ঘটনার পর আদালতে মামলা দায়ের করা হলে দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে ট্রাইব্যুনাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিরাইকান্দি গ্রামের আহমদ আলীকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত উভয় সাজা একসঙ্গে কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
আদালত আরও নির্দেশ দেন, আদায়কৃত অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী ও ভুক্তভোগীর চাচাত ভাই ওবায়দুল হক রাহাত সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর আদালতের এ রায়ে তাদের পরিবার ন্যায়বিচার পেয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম নুরুজ্জামান বলেন, এ রায় সমাজে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে।