ঠাকুরগাঁওয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:১৮ পিএম
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম।
কর্মশালায় সবজি ও অন্যান্য ফসলের আধুনিক চাষাবাদ প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষিকাজে উৎপাদনশীলতা বাড়াতে অংশগ্রহণকারী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।