EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মেধা বিকাশ ও আত্মপ্রকাশে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ড জরুরি: ভূমিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, রাজশাহী

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:০০ পিএম

মেধা বিকাশ ও আত্মপ্রকাশে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ড জরুরি: ভূমিমন্ত্রী
অ অ

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মপ্রকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সৃজনশীল বিকাশে সহায়তা করে।

শনিবার (৯ মে) সকালে রাজশাহী মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে যারা পুরস্কার অর্জন করেছে, তারা অভিনন্দনের দাবিদার। নিজেদের প্রতিভা বিকশিত করতে এবং সমাজের সামনে তুলে ধরতে এ ধরনের কর্মকাণ্ডের বিকল্প নেই।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা দেশের স্বনামধন্য ও গৌরবময় একটি শিক্ষা প্রতিষ্ঠান। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে রাজশাহীর সুনাম আরও উজ্জ্বল করতে পারে।

তিনি বলেন, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য প্রশংসনীয়। মসজিদে তেলাওয়াতের সুর যেমন মানুষের হৃদয় স্পর্শ করে, তেমনি শিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলে পরিবার, সমাজ ও জাতির সামনে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।

মো. মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াই তার দায়িত্ব। এর মধ্যে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসাকে আরও সমৃদ্ধ ও উন্নত অবস্থানে নিয়ে যেতে তিনি কাজ করবেন। রাজশাহীতে কোনো মাদ্রাসা জাতীয়করণ হলে এ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান। একই সঙ্গে মাদ্রাসাটিতে ১১ তলা ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের বাড়ির আশপাশের খালি জায়গায় ঔষধি ও ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন ভূমিমন্ত্রী।

মাদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মো. হাশমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জায়েদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. ওসমান গনি এবং মাদ্রাসার অধ্যক্ষ মো. মোকাদ্দাসুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী। পাশাপাশি পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও পড়ুন