হাইকোর্টে একদিনে ৫ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৫১ পিএম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এক দিনে ৫ হাজার ১২টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৪৭টি ফৌজদারি বিবিধ (ক্রিমিনাল মিস) মামলা এবং ১ হাজার ৭৬৫টি রিট মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট বিভাগের বিভিন্ন ক্রিমিনাল ও রিট মোশন বেঞ্চ এসব মামলা নিষ্পত্তি করেন।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সম্প্রতি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলোকে দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন। প্রধান বিচারপতির সেই নির্দেশনা মেনেই বিচারপতিরা মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আজকের এই বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি হলো।
উল্লেখ্য, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ, দীর্ঘসূত্রতা হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে।