খাল খনন কর্মসূচির মাধ্যমে সরকার মানুষের মন জয় করবে: হুইপ নিজান
পর্যায়ক্রমে সারাদেশের সকল খাল খননের মাধ্যমে কৃষকের পাশে থাকবে সরকার
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
খাল খনন কর্মসূচির মাধ্যমে বিএনপি সরকার সাধারণ মানুষের মন জয় করবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বৃহস্পতিবার (৭ মে) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার সেন্টার খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুইপ নিজান বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়ে এদেশের সাধারণ মানুষ ও কৃষকের মন জয় করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই কর্মসূচি নতুনভাবে শুরু করেছেন। পর্যায়ক্রমে সারাদেশের সকল খাল খননের মাধ্যমে কৃষকের পাশে থাকবে সরকার। এতে গ্রামীণ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলেও তিনি জানান।
-69fc78f41f831.jpg)
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন এবং রামগতি থানার ওসি (তদন্ত) মাহবুবর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।