দেশে নতুন ৫ উপজেলা ও বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:১৯ পিএম
প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে দেশে নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়েছে। প্রস্তাবগুলো বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় উত্থাপনের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে আজ বিকেলে অনুষ্ঠিতব্য এই সভায় প্রস্তাবগুলো অনুমোদিত হলে দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৫০০টিতে। পাশাপাশি বগুড়া হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।
প্রস্তাব অনুযায়ী, কক্সবাজার, বগুড়া, ঠাকুরগাঁও ও লক্ষ্মীপুর জেলায় নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে
- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ উপজেলা
- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাকে ভেঙে ‘মোকামতলা’ উপজেলা
- ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা
- লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভেঙে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের প্রস্তাব রয়েছে
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এসব এলাকার ভৌগোলিক বাস্তবতা, জনসংখ্যার চাপ এবং সেবাপ্রাপ্তির সুবিধা বিবেচনায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণকে আরও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব এবারের নিকার সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, জনসংখ্যা, আয়তন ও অবকাঠামোগত সক্ষমতার ভিত্তিতে বগুড়া সিটি করপোরেশন হওয়ার সব শর্ত পূরণ করেছে।
প্রাক-নিকার সভায় ইতোমধ্যে এ প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলা শহরটি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করবে।
বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন এবং ৪৯৫টি উপজেলা রয়েছে। প্রস্তাবিত উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার বিকেন্দ্রীকরণ আরও ত্বরান্বিত হবে এবং উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।