লাইসেন্স ছাড়া ফুয়েল নেই, নীলফামারীতে আবেদনের ঢল
ফুয়েল কার্ডের চাপে এক মাসে ৭ হাজার লার্নার লাইসেন্সের আবেদন
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত
ফুয়েল কার্ড ইস্যুতে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক হওয়ায় নীলফামারীতে হঠাৎ বেড়ে গেছে শিক্ষানবিশ (লার্নার) ড্রাইভিং লাইসেন্সের আবেদন। গত এক মাসে জেলার প্রায় ৭ হাজার বাইক চালক এই লাইসেন্সের জন্য আবেদন করেছেন।
ফুয়েল কার্ড পেতে হলে মোটরবাইকের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। এই শর্ত পূরণ করতে গিয়ে জেলার হাজার হাজার বাইক চালক লার্নার লাইসেন্সের আবেদনে ভিড় করছেন বিআরটিএ কার্যালয়ে।
বিআরটিএ সূত্র জানায়, নীলফামারীর ৬টি উপজেলায় নিবন্ধিত মোটরবাইকের সংখ্যা ৫০ হাজারের বেশি এবং প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে।
বিআরটিএ নীলফামারী সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এস. এম. মাহবুবুর রহমান বলেন, ‘প্রতিদিনই ক্রমান্বয়ে বাড়ছে লার্নার লাইসেন্স আবেদনের সংখ্যা। ড্রাইভিং পরীক্ষাগুলো নিয়মানুসারে হচ্ছে এবং কোনো জটিলতা ছাড়াই লাইসেন্স সরবরাহ করা হচ্ছে।’
তিনি সতর্ক করে আরও বলেন, ‘শুধু লার্নার লাইসেন্সের আবেদন দিয়ে বেশি সময় ফুয়েল পাস কার্ড নিয়ে চলা যাবে না। নির্ধারিত মেয়াদে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।’