সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (৬ মে) এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো.শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন- শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম একজন মহীয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল।
এর আগে আজ ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ময়মনসিংহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে তার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, মরহুমার সন্তানেরা তাদের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।