জেলা প্রশাসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান প্রধান বিচারপতির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:০১ পিএম
দেশের জেলা প্রশাসকদের (ডিসি) রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, জেলা প্রশাসকেরা হচ্ছেন সরকারের প্রতিচ্ছবি। তাই তাদের জনস্বার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা এবং সর্বোপরি নিজের বিবেকের কাছে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, তা সর্বদা স্মরণ রাখতে হবে।’
বিচারপ্রার্থী মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় এবং মাঠ প্রশাসনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ডিসিরা যাতে সহায়ক ভূমিকা পালন করেন, সেই নির্দেশনাও দেন তিনি।
অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক সম্মেলনের অংশ হিসেবে প্রতিবছরই দেশের প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা গ্রহণ করেন মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।