ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
গণঅভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক স্বাধীনতা ভোগ করছে- গাজী হাবিবুল্লাহ মানিক
ডেইলি সান রিপোর্ট, ফেনী
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত
ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে ফেনী প্রেস ক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ, ফেনী জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, গণঅভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক স্বাধীনতা ভোগ করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এক সময়ে সাংবাদিকদের অনেক সম্মান ও গুরুত্ব ছিলো। কিন্তু দিন দিন সাংবাদিকদের সম্মান কমছে। সাংবাদিকদের সমৃদ্ধির জন্য চাকরি না করে নিজেরাই মিডিয়া হাউস তৈরি করতে হবে।
প্রধান আলোচক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন বলেন, দেশে সাংবাদিক হওয়ার সুযোগ যেমন আছে, তেমনি সাংঘাতিক হওয়ারও সুযোগ রয়েছে। আর্থিক চাহিদা মাথায় নিয়ে সাংবাদিকতায় না আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, মাথায় আর্থিক সংকট থাকলে ভালো সাংবাদিকতা করা দুঃসাধ্য।
ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসের মূল প্রতিপাদ্য তুলে ধরেন সাধারণ সম্পাদক সোলেমান হাজারী ডালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা এএসএম নুরুল আমীন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, এনসিপির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকারসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে ফেনী শহরের ট্রাংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।