সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:২৪ পিএম
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩ মে) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৭ হাজার ২৬৪ কেজি জিরা, ৭ হাজার ২০০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ২ হাজার ২৬০ পিস সানগ্লাস, ২৮ হাজার ৯৪৪ প্যাকেট বিস্কুট, ৩ হাজার ৪৫০ পিস ক্লপ জি ক্রিম, ১ হাজার ৭০১ পিস জেল, ৪৯৫ কেজি শিং মাছ, একটি মহিষ, ৬ হাজার ৭৭২ পিস চকলেট, ২৮৫ কেজি সুপারি, ৩৪৫ কেজি ফুচকা, ১৫৩ পিস ট্রাউজার, ৫৮৫ পিস টুথপেস্ট, ১০০ কেজি চিনি, ২০ ঘনফুট পাথর, একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ট্রলি এবং ৪১ বোতল ভারতীয় মদ।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।