প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভুয়া অনুমতিপত্র, সতর্কতা জারি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:০০ পিএম
প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে গবাদিপশু আমদানির একটি ভুয়া অনুমতিপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সতর্কতা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্র প্রচারিত হচ্ছে, যা তাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, প্রচারিত ওই অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি। এর সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার মিল পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমতিপত্রটি অধিদপ্তর থেকে ইস্যু করা হয়নি এবং এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষর যাচাইযোগ্য নয়। ফলে এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।
মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া এ ধরনের নথি শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সঠিক তথ্য জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।