ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত
শ্রমিকের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের অঙ্গীকারে ফেনীতে মহান মে দিবস পালিত
ডেইলি সান রিপোর্ট, ফেনী
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে ফেনী জেলা প্রশাসন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ইঞ্জিনিয়ার শরীফ আহমেদ আজাদ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ ভূঞা, ফেনী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মীর হোসেন, দৃষ্টি প্রতিবন্ধী সমিতির সভাপতি সবুজ মিয়া, জাতীয় ছাত্র শক্তির মোহাম্মদ আজাদ, দর্জি শ্রমিক ইউনিয়নের নেত্রী দিলারা বেগম, পরিচ্ছন্নতা কর্মী শ্রমিক ইউনিয়নের পৃথ্বীরাজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষই একটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি, অবকাঠামো ও অর্থনীতি গড়ে ওঠে। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।