গরমের পর স্বস্তির বৃষ্টি বাগেরহাটে, চিন্তায় কৃষক
শহরের সড়কে হাঁটুসমান পানি, ৫ হাজার হেক্টরের কর্তন করা ধান ক্ষতির মুখে
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
কয়েকদিনের প্রচণ্ড তাপদাহের পর বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয় বাগেরহাটে। দেড় ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। এতে শহরের সাধনার মোড়, শালতলা, রাহাতের মোড়সহ বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়।
বৃষ্টিতে সাধারণ মানুষ স্বস্তি পেলেও বিপদে পড়েছেন কৃষকরা। জেলায় এ বছর ৬৮ হাজার ১৭১ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার হেক্টরের ধান কাটা শেষ। এর মধ্যে পাঁচ হাজার হেক্টর জমির ধান কর্তন করে চাষিরা জমিতেই রেখেছে। বৃষ্টিপাতের কারণে ওই সব ধানের বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বাগেরহাটের কচুয়া এবং মোড়েলগঞ্জ উপজেলার বেশ কয়েকজন চাষির সাথে কথা হলে তারা জানান, বৃষ্টিপাত এবং দমকা বাতাসের কারণে তাদের জমিতে পাকা বোরোধানের অনেক ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে জমিতে কর্তন করে রাখা পাকা বোরো ধান পানিতে ডুবে গেছে। অনেক জমিতে আবার পাকা ধান ঝরে পড়ছে।
বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন জানান, এ বছর জেলায় ধানের বাম্পার ফলন হলেও আকস্মিক বৃষ্টিতে কেটে রাখা ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত জমিগুলো পরিদর্শন করছেন।
মোংলা আবহাওয়া কেন্দ্র জানায়, ২৪ ঘণ্টায় মোংলায় ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। দমকা বাতাসের গতি ছিল ঘণ্টায় ৩৫–৩৮ কিলোমিটার। মোংলাসহ চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।