EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

দেশব্যাপী অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে জোরদার অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস। চলমান এই অভিযানে বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি জরিমানা আদায় ও বিপুল পরিমাণ পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২৭ এপ্রিল গাজীপুরের টঙ্গী এলাকার পাগার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে বকেয়া, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহার এবং অবৈধ সংযোগের কারণে মোট ৩৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রায় ২০০ ফুট অবৈধ পাইপ অপসারণ করা হয়।

একই দিনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুনের নেতৃত্বে কেরানীগঞ্জ এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখানে একটি অবৈধ তার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ১০টি সার্ভিস লাইন এবং ১১ কেভি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এতে প্রতি মাসে প্রায় ১২ লাখ ৮২ হাজার টাকার গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

এছাড়া ঢাকা মেট্রো দক্ষিণের ভিজিল্যান্স বিভাগের অভিযানে শ্যামপুর এলাকায় অবস্থিত বিসমিল্লাহ মোল্ডিং লিমিটেডে অবৈধভাবে ডিস্ট্রিবিউশন লাইনের (১৫০ পিএসআইজি) সঙ্গে সংযোগ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গাজীপুরের কালিয়াকৈর এলাকার মৌচাক অঞ্চলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৫৭টি সিঙ্গেল ও ৪৪টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ১২০০ ফুট পাইপ অপসারণ, একটি রাইজার নিষ্ক্রিয় এবং একটি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়।

অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে ১৩টি স্পটে অভিযান চালানো হয়। এতে তিনটি চুন কারখানার ছয়টি ভাট্টি এবং একটি ঢালাই কারখানার একটি ভাট্টির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় একটি কারখানার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রায় ১১০ ফুট এমএস পাইপ জব্দ করা হয় এবং এতে দৈনিক প্রায় ২ লাখ ৭৭ হাজার টাকার গ্যাস চুরি বন্ধ করা সম্ভব হয়েছে।

এছাড়া মুন্সীগঞ্জে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মুক্তারপুর ও পঞ্চসার এলাকায় অভিযান পরিচালিত হয়। সেখানে একটি মাদ্রাসায় অবৈধভাবে স্টার বার্নার ও ওয়াটার হিটারের মাধ্যমে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় অভিযান চালিয়ে একাধিক অবৈধ ও অতিরিক্ত সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন