EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পোটকাখালী শিশুকল্যাণ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক, অবকাঠামো উন্নয়নে জরুরি নির্দেশনা

ডেইলি সান রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম

পোটকাখালী শিশুকল্যাণ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক, অবকাঠামো উন্নয়নে জরুরি নির্দেশনা
অ অ

বরগুনা সদর উপজেলার পোটকাখালী শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস তাছলিমা আক্তার। সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি সরেজমিনে বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষাদানের পদ্ধতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।


পরিদর্শনে বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয় বলে প্রতীয়মান হলে জেলা প্রশাসক শ্রেণিকক্ষ সম্প্রসারণসহ প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

এছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, শতভাগ শিক্ষার্থী উপস্থিতি বজায় রাখা এবং ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, জেলা প্রশাসকের এ পরিদর্শন ও নির্দেশনার ফলে বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুন