EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি টিম, আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম

পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি টিম, আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
অ অ

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কোর্স-২০২৬-এর প্রশিক্ষণার্থী কর্মকর্তারা প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৭ এপ্রিল) সকালে তারা এ পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয়। এ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব ইন্টেগ্রিটি’-তে অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন-ভিশন, ইতিহাস-ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি পুলিশের কার্যক্রম ও মুক্তিযুদ্ধে অবদানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সাইবার ক্রাইম ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে চান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজনে ও সংকটকালে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের পাশাপাশি চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, উগান্ডা ও জাম্বিয়াসহ ১৯টি দেশের মোট ১০৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

আরও পড়ুন