এক হাজার কৃষকের মাঝে এডব্লিউডি পাইপ বিতরণ করল আইফার্মার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম
পরিবেশবান্ধব ও টেকসই কৃষি প্রযুক্তি প্রসারে দেশের বিভিন্ন জেলায় এক হাজার কৃষকের মধ্যে ২ হাজার ৫০০টি এডব্লিউডি (অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রায়িং) পাইপ বিতরণ করেছে আইফার্মার। এমটিবি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, লালমনিরহাট ও নড়াইল জেলায় এসব পাইপ সরবরাহ করা হয়।
আইফার্মার জানায়, এরই মধ্যে অধিকাংশ পাইপ কৃষকের জমিতে স্থাপন করা হয়েছে এবং সেগুলো ব্যবহারের উপযোগী রয়েছে। এই প্রকল্পের আওতায় মোট ২৬৫ একর জমি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এডব্লিউডি প্রযুক্তি ধান চাষে পানির অপচয় কমাতে কার্যকর ভূমিকা রাখে। ক্ষেতে সারাক্ষণ পানি জমিয়ে না রেখে, এই পাইপের মাধ্যমে মাটির নিচের পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজনমতো সেচ দেওয়া হয়। এই ছিদ্রযুক্ত প্লাস্টিক বা বাঁশের পাইপ সাধারণত ১০-১৫ সেন্টিমিটার ব্যাস এবং ২৫-৩০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে।
এই পদ্ধতিতে জমিতে সার্বক্ষণিক পানি ধরে না রেখে নির্দিষ্ট সময় অন্তর সেচ দেওয়া হয়। ফলে প্রায় ২৮ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত পানির সাশ্রয় হয় এবং সেচ খরচ কমে যায়।
প্রতি একর জমিতে একটি সেচ কম দিলে প্রায় ২ লাখ ৫৭ হাজার লিটার পানি সাশ্রয় সম্ভব। সেই হিসেবে ২৬৫ একর জমিতে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোট প্রায় ৬ কোটি ৭৯ লাখ ৫০ হাজার লিটার পানি সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে কৃষকদের মতে, এডব্লিউডি পাইপ ব্যবহারের ফলে সেচের খরচ কমছে। ডিজেল ও বিদ্যুৎচালিত পাম্প কম ব্যবহার করতে হওয়ায় উৎপাদন ব্যয়ও কমে আসছে। পাশাপাশি জমির পানির সঠিক ব্যবস্থাপনা বজায় থাকায় ফলনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
উদ্যোক্তারা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে ছোট ও প্রান্তিক কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে পানি সাশ্রয়, খরচ কমানো এবং পরিবেশ রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কৃষি খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও তা সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।