রাউজানে গুলি করে যুবদল কর্মীকে হত্যা
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নাসির উদ্দিন (৪৫) নামে এক যুবদলের কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে নাসিরের উপর অস্ত্রধারীরা গুলি ছোড়ে। পরে দিবাগত রাত ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃ্ত্যু হয়।
নিহত নাসির উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ শামসের নগর গ্রামের দুদু মিয়ার ছেলে। স্থানীয় রাজনীতিতে তিনি রাউজান আসনের এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে ইশানভট্টের হাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। নাসিরকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাসিন্দারা।
নিহতের মেয়ে লাভলী আক্তার গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনের আগে তার বাবাকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছিল। এরপর থেকে তিনি চট্টগ্রাম শহরের বাসায় অবস্থান করছিলেন। সম্পতি তিনি গ্রামের বাড়িতে যাতায়াত শুরু করেন। এই সুযোগে সন্ত্রাসীরা বাবাকে গুলি করে হত্যা করেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাসিরের বিরুদ্ধেও অপরাধমূলক অনেক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।’
