সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির আত্মহত্যা
জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর মনিকা ও মাহফুজ প্রায় পাঁচ মাস আগে পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেন।
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেম করে বিয়ে করা এক দম্পতি বিষপানে আত্মহত্যা করেছেন। বিয়ের পাঁচ মাসের মাথায় এই দম্পতির আত্মহত্যার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই ইউনিয়নের বাংলাবাজার আনোয়ারপুর গ্রামের মোর্শেদ মিয়ার মেয়ে মনিকা বেগম (১৮) এবং মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ মিয়া (১৯)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর মনিকা ও মাহফুজ প্রায় পাঁচ মাস আগে পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেন। পরে উভয় পরিবার বিষয়টি মেনে নেয় এবং তারা পারিবারিকভাবে একসঙ্গে বসবাস শুরু করেন।
নিহত মাহফুজের পিতা আজিজুর রহমান জানান, রবিবার সকালে তার স্ত্রী ও পুত্রবধূ রান্না শেষে সবাইকে খাবার খাওয়ায়। খাবার শেষে তিনি হাওরে ধান কাটতে যান। কিছুক্ষণ পরই বাড়ি থেকে খবর আসে ছেলে ও পুত্রবধূ বিষ খেয়েছেন। ফিরে এসে দেখেন রান্নাঘরে দুজনেই অসুস্থ অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মাহফুজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে পরে সে মারা যায়।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই মনিকা বেগমের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নিহত মনিকা বেগমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।