EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির বাইরে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

দেশের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির বাইরে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
অ অ

দেশের প্রায় ২৬ শতাংশ মানুষ এখনো বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত, যা প্রায় ৪ কোটি মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, বিশুদ্ধ পানি পাওয়া মানুষের মৌলিক অধিকার হলেও এ বিষয়ে সচেতনতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘বাংলাদেশে পানির অধিকার’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি এবং ইউআইইউ’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘পানির অপর নাম জীবন। পানি আমাদের প্রাণশক্তি ও সুস্থতার মূল উপাদান। তাই পানির সঠিক ব্যবহার ও সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।’ তিনি আরও বলেন, ন্যায্য ব্যবহার ও সুশাসনের মাধ্যমে পানির নিরাপদ প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব।

বিশ্ব পানি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘ওয়াটার অ্যান্ড জেন্ডার: হোয়্যার ওয়াটার ফ্লোজ, ইক্যুয়ালিটি গ্রোজ’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পলিসি সাপোর্ট) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারপারসন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা নির্বাহী চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘আমরা যে বোতলজাত পানি পান করছি, সেটি কতটা বিশুদ্ধ—তারও নিশ্চিত কোনো নিশ্চয়তা নেই।’

তিনি আরও সতর্ক করে বলেন, দিন দিন মিষ্টি পানির উৎস কমে যাচ্ছে। পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। জমির ব্যবহার পদ্ধতির ওপরও পানির গুণগত মান নির্ভর করে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। সেমিনারে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন