ভার্চুয়াল আদালতের দ্বিতীয় দিনে ১৪৬০ মামলার শুনানি, নিষ্পত্তি ৫৯৬
সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম
সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
তথ্য-প্রযুক্তির সহায়তায় ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আজ (বৃহস্পতিবার) ১ হাজার ৪৬০টি মামলা শুনানি এবং ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ১৮৯টি মামলা শুনানি ও ৯৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে এক হাজার ২৭১টি মামলা শুনানি ও ৫০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। আজ উভয় বিভাগে সর্বমোট এক হাজার ৪৬০টি মামলা শুনানি ও ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এর আগে গতকাল বুধবার প্রথম দিনেই আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে মোট ১৭৭টি মামলার নিষ্পত্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয় এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়। উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়।