নীলফামারীতে ফুয়েল কার্ড ছাড়াই মিলছে জ্বালানি, ভোগান্তিতে বৈধ গ্রাহক
প্রশাসনের তদারকি না থাকায় সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলছেন সচেতন মহল।
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার কথা থাকলেও নীলফামারীর ফিলিং স্টেশনগুলোতে এর ভিন্ন চিত্র দেখা গেছে। ফুয়েল কার্ড ছাড়াই অবাধে জ্বালানি সংগ্রহ করছেন শত শত বাইকার, যার ফলে দীর্ঘ ভোগান্তিতে পড়েছেন নিয়ম মেনে কার্ড সংগ্রহ করা সাধারণ গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা সদরের মেসার্স রফিকুল আলম চৌধুরী ফিলিং স্টেশন, রাজা ফিলিং স্টেশন, রশিদা ফিলিং স্টেশন ও ভাই ভাই ফিলিং স্টেশনসহ বেশ কিছু পাম্প ঘুরে দেখা যায়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি। লক্ষণীয় বিষয় হলো, লাইনে থাকা অধিকাংশ বাইকারের কাছেই নেই কোনো ফুয়েল কার্ড। এমনকি অনেকের মোটরসাইকেল রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ তাদের জ্বালানি সরবরাহ করছে।
ফুয়েল কার্ডধারী এক ক্ষুব্ধ গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করেছিলাম। ভেবেছিলাম আজ সহজে তেল পাব। কিন্তু পাম্পে এসে দেখি বিশৃঙ্খলা। যাদের কার্ড নেই, লাইসেন্স নেই- তারাই আগে তেল নিয়ে যাচ্ছে। তাহলে এই কার্ডের গুরুত্ব রইল কোথায়?’
এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন মুঠোফোনে জানান, জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক গতকাল (২২ এপ্রিল) জেলাজুড়ে ফুয়েল কার্ড সংক্রান্ত মাইকিং করা হয়েছে। তবে পাম্পগুলোতে কার্ড ছাড়া জ্বালানি দেওয়ার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
অন্যদিকে, পাম্পগুলোতে কার্ডহীন বাইকারদের এই দীর্ঘ সারির কারণে প্রকৃত কার্ডধারীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রশাসনের তদারকি না থাকায় সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলছেন সচেতন মহল।
-69ea0dd65faeb.jpg)