EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে আরও ৬ পাটকল লিজ দেওয়া হবে: শিল্পমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম

ডিসেম্বরের মধ্যে আরও ৬ পাটকল লিজ দেওয়া হবে: শিল্পমন্ত্রী
অ অ

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বন্ধ থাকা আরও ছয়টি পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর মাধ্যমে প্রতিটি মিলে এক হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মিলভেদে ২০০ থেকে ৫০০ কোটি টাকার নতুন বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ মিল ইজারা সংক্রান্ত অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ‘বর্তমানে বন্ধ থাকা পাটকলগুলোর অবস্থা, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং অবশিষ্ট মিলগুলোতে কীভাবে দ্রুত বিনিয়োগ আকর্ষণ করা যায়—এসব বিষয় পর্যালোচনার জন্যই এ সভার আয়োজন করা হয়। 

তিনি বলেন, ইতোমধ্যে কিছু পাটকল বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে এবং সেগুলোতে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করেছেন, যা বেশ ইতিবাচক। 

মন্ত্রী আরও বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী অদূর ভবিষ্যতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সকল মিলই পুনরায় উৎপাদনমুখী কার্যক্রমে ফিরবে—কিছু পাটখাতে, আবার কিছু ভিন্ন শিল্পখাতে বিনিয়োগের মাধ্যমে চালু হবে। এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন ও আমদানি বিকল্প শিল্প গড়ে উঠবে।

এসময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন বিনিয়োগকারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন