EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাটে লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে এসএসসি পরীক্ষার্থীরা

টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দোকানপাট, বাজার ও ক্ষুদ্র ব্যাবসা প্রতিষ্ঠানগুলো জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

লালমনিরহাটে লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে এসএসসি পরীক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

অ অ

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে লালমনিরহাটে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পড়াশোনা এবং কৃষিকাজে এর নেতিবাচক প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।

লালমনিরহাট শহর ঘুরে দেখা গেছে, ভ্যাপসা গরম আর ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ সাধারণ মানুষ। শহরের ব্যবসায়ী আবুল কাশেম জানান, সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের অবস্থা চরম আকার ধারণ করেছে। দিনের বেলা কোনোমতে মানিয়ে নেওয়া গেলেও রাতের অন্ধকার ও ভ্যাপসা গরমে জীবন অসহনীয় হয়ে উঠেছে। টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দোকানপাট, বাজার ও ক্ষুদ্র ব্যাবসা প্রতিষ্ঠানগুলো জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।

সবচেয়ে বেশি সংকটে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষার্থী কুলসুম ও রহিমা জানায়, পড়াশোনার এই গুরুত্বপূর্ণ সময়ে লোডশেডিংয়ের কারণে তাদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। তারা অন্তত পরীক্ষার দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের কাছে জোরাল দাবি জানিয়েছে।

অভিভাবকদের মতে, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, যা তাদের পরীক্ষার প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কৃষিখাতেও এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। সদর উপজেলা রাজপুর ইউনিয়নের কৃষক দবিয়ার রহমান বলেন, ‘শুধু এসএসসি শিক্ষার্থীই নয়, কৃষকরাও চরম বিপাকে পড়েছে। জমিতে সেচ দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়ছেন তারা।’

তিনি আরও বলেন, ‘এখন জমিতে পানির খুব প্রয়োজন। যেখানে এক ঘণ্টা সেচ দিলেই হওয়ার কথা, সেখানে ৪ ঘণ্টাতেও কাজ হচ্ছে না। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশাগুলো ঠিকমতো চার্জ দিতে না পারায় চালকদের আয় কমে গেছে। বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যাবসা প্রতিষ্ঠান গুলোতেও চরম স্থবিরতা দেখা দিয়েছে।

ভোগান্তির কথা স্বীকার করে লালমনিরহাট পিডিবির নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান জানান, জ্বালানি সংকটের কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং বেড়েছে। এর বাইরে বিস্তারিত মন্তব্য করতে তিনি রাজি হননি।

বিদ্যুৎ নির্ভর স্বাস্থ্যসেবা ও কলকারখানাগুলোতেও কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এ অঞ্চলের সর্বস্তরের মানুষ।

আরও পড়ুন