জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:১৫ এএম
নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমবাজারকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সরকারের করণীয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার।
পরামর্শ সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম এবং সাবেক মুখ্য সচিব জাকির আহমেদ খান।
এছাড়া শিক্ষা ও গবেষণা খাতের প্রতিনিধিদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করেন পাঠাও, রকমারি ডট কম এবং বিডিজবস ডট কম-এর প্রধান নির্বাহী কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথির বক্তব্যে দেশের কর্মসংস্থান খাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর সম্ভাবনা, কাঠামো এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বেসরকারি খাতের প্রতিনিধিদের কাছ থেকে সুনির্দিষ্ট মতামত আহ্বান করা হয়। বক্তারা বলেন, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কার্যকরভাবে জনশক্তিতে রূপান্তর করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা কর্মসংস্থান সৃষ্টিতে অবকাঠামোগত উন্নয়ন, নিয়ন্ত্রক জটিলতা হ্রাস এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নতুন উদ্যোক্তাদের জন্য কর অবকাশ (ট্যাক্স হলিডে) ও কর রেয়াতসহ প্রণোদনা প্রদানের সুপারিশও উঠে আসে।
এছাড়া রাজধানীর বাইরে শিল্পায়ন সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি, অপ্রাতিষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিকীকরণ এবং নির্ভরযোগ্য ও সময়োপযোগী শ্রমবাজার পরিসংখ্যান তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।