EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংসদে রুমিন ফারহানা

৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে সরকার
অ অ

বর্তমান সরকারের ব্যাংক ঋণ গ্রহণের লাগামহীন গতি এবং রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক ব্যবস্থা থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সম্পূরক প্রশ্নে এসব কথা বলেন। সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সম্পূরক প্রশ্ন উত্থাপনের সময় তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল এক লাখ চার হাজার কোটি টাকা। কিন্তু এপ্রিলের শুরুতেই তা লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ ছাড়িয়ে এক লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাতে তিনি উল্লেখ করেন, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে। এই অবস্থায় ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে। করের আওতা বাড়ানো বা রাজস্ব বাড়াতে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি-না এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণের এই বড় অঙ্ক মূলত বিগত সরকারের রেখে যাওয়া দায়ের ধারাবাহিকতা বা ‘ক্যারিওভার’। সরকার মাত্র দুই মাস আগে দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, এই ঋণ বর্তমান সরকারের কর্মফল হিসেবে দেখা ঠিক হবে না।

এ সময় রুমিন ফারহানাকে আশ্বস্ত করে অর্থমন্ত্রী বলেন, সরকারের মূল অর্থনৈতিক নীতি হলো স্থানীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ ধীরে ধীরে কমিয়ে আনা, যার প্রতিফলন আগামী বাজেট থেকেই দেখা যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে এবং শিল্পকারখানাগুলো নানাবিধ সমস্যায় জর্জরিত থাকায় ট্যাক্স-জিডিপি অনুপাত আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে।

অর্থমন্ত্রী জানান, বিগত সরকারগুলোর আমলে এই অনুপাত কমে গেলেও বর্তমান সরকার দক্ষতার সঙ্গে অর্থনীতিকে পুনরায় শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

আরও পড়ুন