হবিগঞ্জের ডিসি
‘জুলাই আন্দোলনে সরকার সরিয়েছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারবেন না?’
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি: সংগৃহীত
অবৈধ বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. জি. এম. সরফরাজ। প্রয়োজনে সাধারণ মানুষকে নিজ উদ্যোগে বাদী হয়ে মামলা করারও পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিসি বলেন, অবৈধ বালু উত্তোলন ও মাটি পাচার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে আপনারা নিজেরা বাদী হয়ে মামলা করবেন। জুলাই আন্দোলন করে আপনারা একটি সরকারকে সরিয়ে দিতে পেরেছেন—এটা কি পারবেন না?
তিনি আরও বলেন, এতদিন আমরা পেছনের দিকে তাকিয়েছি। এখন দলমত–নির্বিশেষে সবাইকে নিয়ে সামনে এগোতে হবে। আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের ত্যাগের কারণেই আজকের এই পরিবর্তিত পরিবেশ।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম সভা সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল ও মিনহাজ চৌধুরী কাসেদ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
এ ছাড়া স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।