ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আজ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সভাপতি সদস্যদের স্বাগত জানিয়ে আলোচ্যসূচি উপস্থাপন করেন। পরে জাতীয় সংসদের গ্রন্থাগারের কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
বৈঠকে সংসদে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দাবলি সম্পর্কে সদস্যদের অবহিত করতে জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার প্রণীত ‘সংসদে কতিপয় বহুল ব্যবহৃত শব্দ’ শীর্ষক তথ্যপত্র সংসদ অধিবেশনকালীন টেবিলে উপস্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়া সংসদ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে কমিটি সুপারিশ করে।
বৈঠকে সংসদ সদস্যদের নাম ও নির্বাচনী এলাকা অনুসন্ধানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহজে প্রাপ্তির জন্য একটি ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে হুমাম কাদের চৌধুরীকে আহ্বায়ক এবং মীর আহমাদ বিন কাসেমকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
এদিকে United Nations Development Programme (ইউএনডিপি)-এর প্রকল্প থেকে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ বাজেট যাচাইয়ের উদ্দেশ্যে এ বি এম মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়।
বৈঠকে ‘Practice and Procedure of Parliament’ বইটি বাংলায় অনুবাদের সুপারিশও করা হয়েছে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।