কৃষি ও সামাজিক খাতে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা ব্র্যাকের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
কৃষিখাতসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ব্র্যাক। এই কর্মসূচির আওতায় আগামী তিন মাসে সারা দেশে ১ লাখ ৩ হাজার কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ, কৃষি উপকরণ এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।
সংস্থাটি জানিয়েছে, খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান ব্যয়ের চাপে ক্ষুদ্র কৃষকরা যখন চ্যালেঞ্জের মুখে, তখন তাদের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় শুধু কৃষিখাতেই বরাদ্দ রাখা হয়েছে ৩২ কোটি ৮৫ লাখ টাকা।
কৃষকদের জীবিকা সহায়তায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে ৫০ লাখ মাছের পোনা, ১ লাখ হাঁসের ছানা, ১ লাখ মুরগির বাচ্চা এবং ১ লাখ গাছের চারা। পাশাপাশি ২০ হাজার গবাদিপশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করতে ১ হাজার ভার্মি কম্পোস্ট উৎপাদন ইউনিট স্থাপন করা হবে, যা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির উর্বরতা ধরে রাখতে সহায়তা করবে। একই সঙ্গে নির্মাণ করা হবে ৫০টি আলু ও ৫০টি পেঁয়াজ সংরক্ষণাগার।
কৃষি যান্ত্রিকীকরণে সহায়তার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিতরণ করা হবে ২০টি মাড়াই যন্ত্র ও ১০০টি পাওয়ার টিলার। এছাড়া ৫ হাজার পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি সরবরাহ করা হবে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় ৩০ শতাংশ পানি সাশ্রয় করতে সক্ষম।
কৃষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। জমির উর্বরতা সংরক্ষণ, সাশ্রয়ী কীটনাশক ব্যবহার, গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস, জৈব বালাইনাশক এবং উন্নত জাতের ধান উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচিতে। ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ উদ্যোগের আওতায় হাঁস-মুরগি পালন, সেলাই ও স্বাস্থ্যসেবিকা প্রশিক্ষণের মাধ্যমে ৭ হাজার ৮১০ জন তরুণীকে আয়মুখী কাজে যুক্ত করা হবে। পাশাপাশি ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হবে এবং হাওর অঞ্চলের চারটি বিদ্যালয়ে ল্যাব সুবিধা স্থাপন করা হবে।
ব্র্যাকের এই বহুমুখী উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।