সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধিদলের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা (lLO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১৯ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, নারী কর্মীদের অধিকার ও ক্ষমতায়ন, শিশু শ্রম নিরসন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, সরকারের নেতৃত্বে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের উন্নয়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আইএলও’র সঙ্গে যৌথভাবে কাজ করে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, শিশুদের জন্য চাইল্ড কেয়ার ও ডে-কেয়ার সেন্টার সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নারী ও শিশু অধিকার সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কেয়ারগিভার প্রশিক্ষণ কর্মসূচিতে আইএলও’র কারিগরি সহায়তা কামনা করেন। বেকারত্ব নিরসন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সহিংসতা ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতেও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, নারী শ্রমশক্তিতে অংশগ্রহণ বাড়াতে ‘জেন্ডার অ্যান্ড স্কিলস টাস্কফোর্স’ ও ‘জেন্ডার অ্যান্ড স্কিলস অ্যাকশন প্ল্যান’-এর মতো উদ্যোগের মাধ্যমে আইএলও কাজ করছে। তিনি শিশু যত্নব্যবস্থা উন্নয়নে ‘জাতীয় শিশু যত্ন রোডম্যাপ’ ও ‘জাতীয় ন্যূনতম মান’ প্রণয়নে কারিগরি সহায়তার বিষয়টিও তুলে ধরেন।
তিনি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়ন উদ্যোগের প্রশংসা করে বলেন, শ্রম অধিকার, লিঙ্গ সমতা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে আইএলও’র প্রকল্পসমূহের সমন্বয়, শিশু শ্রম নিরসন এবং নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
সাক্ষাৎকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইএলও প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা এবং দক্ষ কেয়ারগিভার তৈরিতে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।