মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
‘সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই, তবুও আমরা উন্নয়নকাজ শুরু করেছি’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম
সরকার একেবারে শূন্য হাতে উন্নয়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরও আমরা উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছি।’
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড়ে ঝিনাই (পুংলি) নদীর ওপর এলজিইডি নির্মিত ২৮২ মিটার পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
পরে মন্ত্রী দৃষ্টিনন্দন সেতুটি ঘুরে ঘুরে দেখেন এবং স্থানীয় গণমানুষের সঙ্গে কথা বলেন।
অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘অতিগুরুত্বপূর্ণ ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোর লেন সড়কের বিষয়টি আমার নির্বাচনী প্রতিশ্রুতি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। অচিরেই ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোর লেন সড়কের বাস্তবায়নকাজ শুরু হবে, ইনশাআল্লাহ।’
মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোড় ব্রিজ উদ্বোধন করা হলো। আজকেই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।
এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব, ইনশাআল্লাহ। সারা দেশেই এই সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকাণ্ড এমনভাবে হবে, যাতে করে সারা বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে পারে।’
এ সময় টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিআইবিআরআর প্রকল্পের আওতায় ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৯ টাকা ব্যয়ে ২৮২ মিটার পিএসসি গার্ডার ব্রিজটি ঠিকাদারি প্রতিষ্ঠান হামিম-সালেহ (জেভি) নির্মাণকাজ বাস্তবায়ন করে।