EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হরমুজ প্রণালি পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

হরমুজ প্রণালি পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’
অ অ

তৃতীয় বারের মত বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা আটকে দিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের অনুমতি না মেলায় সংযুক্ত আরব আমিরাতের জলসীমার ফিরে গেছে জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করে জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান ডেইলি সানকে বলেন, ‘হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় শুক্রবার রাতে নোঙর তুলে আমরা যাত্রা করেছিলাম। কিন্তু আইআরজিসির অনুমতি না মেলায় ফিরে আসতে হয়েছে।’

এর আগে শুক্রবার সন্ধ্যায় ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেয়। এরপর রাত ১১টা ৫০ মিনিটে বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালিতে প্রবেশ করে। কিন্তু প্রণারীতে প্রবেশের পরপরই বেতারবার্তায় ইরানের বাহিনী জাহাজটি পারস্য উপসাগরে ফেরত যাওয়ার নির্দেশনা দেয়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে তথ্য অনুযায়ি, বাংলাদেশি জাহাজটি বেলা ১২ নাগাদ সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং ওমানের মধ্যেকার প্রধান সীমান্ত ক্রসিং আল দারাহ-এর উপকূলে অবস্থান করছে। শুক্রবার রাতে প্রায় একই অবস্থান থেকে হরমুজ যাত্রা শুরু করেছিলো। 

তবে এই বিধিনিষেধ শুধু বাংলাদেশি জাহাজের জন্যই প্রয়োগ করছেনা ইরান। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এখনও হরমুজ প্রণালিতে জাহাজের আনাগোনা খুবই সীমিত। সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য গোষ্ঠীগুলো। ওই রুট কতটা নিরাপদ- সেটি যাচাই করছে তারা। 

বিএসসির এই জাহাজ ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে রয়েছে। সেখানে এক বন্দর থেকে আরেক বন্দরে পণ্য পরিবহনে নিয়োজিত ছিল। গত ১১ মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিএসসি। তবে সেবার অনুমতি না পেয়ে হরমুজ পার হওয়া যায়নি।

অনুমতি না পেয়ে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয় জাহাজটিতে। এই সার নেওয়া হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে। তবে যুদ্ধবিরতি শুরুর পর দ্বিতীয় দফায়ও অনুমতি চেয়ে পায়নি জাহাজটি। এর পর থেকেই হরমুজের কাছাকাছি পারস্য উপসাগরে নোঙর করেছিল জাহাজটি। তৃতীয় দফায় শুক্রবার হরমুজ পার হতে গিয়েও শেষ পর্যন্ত ফেরত যাচ্ছে জাহাজটি।


আরও পড়ুন